Wednesday, 21 June 2023

ব্যাসগীতায় ধর্ম কথন—


 

ভগবান্ ব্যাসদেবের এই অপূর্ব ধর্মোপদেশের কিঞ্চিৎ অংশ আজ পাঠকদের সামনে তুলে ধরছি। ভগবান্ ব্যাস বলছেন— "গৃহে বাস করলেই কেউ গৃহস্থ হয় না, গৃহস্থ তাকেই বলা যায় যে সবসময়ই বিভাগশীল অর্থাৎ পরিবার পরিজনদের সঙ্গে সবকিছু সমভাবে ভাগ করে নিতে জানে, ক্ষমাশীল দয়ালু। আক্ষেপ, অনাদর, তিরস্কার, হিংসা, বন্ধন, কারো দ্বারা বধের উদ্যোগ বা নানা দোষারোপ সহ্য করার নামই ক্ষমা। পরদুঃখকে নিজের দুঃখ জ্ঞানে বন্ধুভাবে গ্রহণ করে করুণা করার নাম দয়া। এই দয়াকেই মুনিরা বলেছেন সাক্ষাৎ ধর্ম-সাধন।

নিজের সমান অথবা নিজের অধিক গুণ যার মধ্যে আছে, তার সঙ্গে মিত্রতা করবে। কোন ভাল কাজ করে 'আমি অমুক কাজ করেছি' বলে প্রচার করবে না; আবার কোন অপকর্ম বা পাপ কাজ করে তা কখনো গোপন রাখবে না। এমন কাজ করবে, যাতে মানুষের ভালো হয়, নিজেরও মঙ্গল হয়। নিজের যেমন বয়স, বয়স-অনুযায়ী যতখানি কাজ করা যেতে পারে, কার্পণ্য না করে তা করবে। কর্তব্য-অকর্তব্য, ধর্ম-অধর্ম ব্যাপারে মনে সংশয় জাগলে, বা দেখা দিলে, পিতা-পিতামহ বা সাধুজনেরা যে পথ অবলম্বন করে গেছেন, সেই পথই সৎপথ জেনে অনুসরণ করবে, তাহলে আর কোনো পাপে লিপ্ত হতে হবে না। সব সময় যাতে ভালো দেখায়, প্রিয়দর্শন হয়, সেদিকে যত্ন নেবে। সর্বদা ঈশ্বর আরাধনা করবে, ঈশ্বর চিন্তা করবে।

গৃহস্থাশ্রমে থেকে যে বিষয়ের প্রতি আসক্তি, ক্রোধ, লোভ, ভয়, মোহ পরিত্যাগ করে সে- সংসার বন্ধন থেকে মুক্তি পায়। যে গৃহস্থ মনকে হিংসাশূন্য, ধীর, দান্ত (ইন্দ্রিয় দমন) রাখতে পারে সেই গৃহস্থই পরলোকে স্বর্গসুখ প্রাপ্ত হয়। যে সর্বদা মাতা, পিতা, গুরু ব্রাহ্মণের হিতসাধনে রত এবং দেবতার প্রতি ভক্তি, দানব্রত যজ্ঞপরায়ণ, সে- ব্রহ্মলোকে সম্মান পায়। ধর্ম, অর্থ, কামগৃহস্থ সর্বদাই এই ত্রিবর্গের সাধনা করবে আর প্রত্যহ বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে দেবতা প্রণাম পূজা করবে। গৃহী সর্বদাই সংযত হয়ে ধর্ম, অর্থ কামে নিজেকে নিযুক্ত রাখবে। যার মধ্যে ধর্ম নেই, এমন অর্থ বা কাম মনেও চিন্তা করবে না। ধর্মকর্ম করতে করতে অবসন্ন হলেও, কখনো অধর্ম আচরণ করবে না। কারণ ধর্মই হল দেবরূপী ভগবান এবং প্রাণী মাত্রেরই গতি। যা সর্বভূতের অর্থাৎ সবার প্রিয়, তেমন কর্ম করবে; পরদ্রোহিতার বুদ্ধি কখনো মনে আনবে না; বেদ বা দেবতার নিন্দা করবে না; নিন্দাকারীর সঙ্গে আলাপ করবে না।".....

— (কূর্মমহাপুরাণের উপরিভাগে ব্যাসগীতার ঋষ্যাদিসংবাদে ধর্মাধ্যায় যোগ)

শ্রীশুভ চৌধুরী

ফেব্রুয়ারি , ২০২৩ খ্রিষ্টাব্দ।

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...