মহাভারতের
বনপর্বের মার্কণ্ডেয়সমস্যাপর্ব্বাধ্যায়ের একত্রিংশদধিক-দ্বিশততম অধ্যায়ে বর্ণিত আছে-যুধিষ্ঠির
কহিলেন-'হে তপোধন! আপনি স্কন্দদেবের ভুবনবিখ্যাত নামসকল কীর্ত্তন করিয়া আমার কৌতুহল
চরিতার্থ করুন।'
মার্কণ্ডেয়
যুধিষ্ঠিরের বাক্য শ্রবণ করিয়া কার্ত্তিকেয়ের নামাবলী বলিতে আরম্ভ করিলেন-'আগ্নেয়,
স্কন্দ, দীপ্তকীর্ত্তি, অনাময়, ময়ূরকেতু, ধর্ম্মাত্মা, ভূতেশ, মহিষার্দ্দন, কামজিৎ,
কামদ, কান্ত, সত্যবাক্, ভুবনেশ্বর, শিশু, শুচি, চণ্ড, দীপ্তবর্ণ, শুভানন, অমোঘ, অনঘ,
রৌদ্র, প্রিয়, চন্দ্রানন, দীপ্তশক্তি, প্রশান্তাত্মা, ভদ্রকৃৎ, কূটমোহন, ষষ্ঠীপ্রিয়,
পবিত্র, মাতৃবৎসল, কন্যা-ভর্ত্তা, বিভক্তা, স্বাহেয়, রেবতীসুত, প্রভু, নেতা, নৈগমেয়,
সুদুশ্চর, বিশাখ, সুব্রত, ললিত, বালক্রীড়-নক প্রিয়, খচারী, ব্রহ্মচারী, শূর, শরজন্মা,
বিশ্বামিত্রপ্রিয়, দেবসেনাপ্রিয়, বাসুদেবপ্রিয় ও প্রিয়কৃৎ।' কার্ত্তিকেয়ের এই দিব্য-নাম
সকল কীর্ত্তন করিলে ঐশ্বর্য্য ও স্বর্গলাভ হয়, তাহাতে সন্দেহ নাই।
হে
যুধিষ্ঠির! এক্ষণে আমি দেবঋষিগণের সহিত একত্র হইয়া তাঁহার স্তব করি। হে স্কন্দ! তুমি
ব্রহ্মপ্রিয়, ব্রাহ্মণের ন্যায় ব্রতধারী, ব্রহ্মজ্ঞ ও ব্রাহ্মণগণের নেতা, তুমি স্বহা,
তুমি স্বধা, তুমি পরম পবিত্র, মন্ত্রসকল তোমারই স্তব করিয়া থাকে। তুমিই বিখ্যাত হুতাশন.
তুমিই সংবৎসর, ষড়ঋতু, মাস, অর্ধ্বমাস, অয়ন ও দিক্। হে রাজীবলোচন! তুমি সহস্রমুখ ও সহস্রবাহু,
তুমি লোকসকলের পাতা, তুমি পরম পবিত্র হবিঃ, তুমিই সুরাসুরগণের শুদ্ধিকর্ত্তা, তুমি
সেনাগণের অধিপতি, তুমিই প্রচণ্ড প্রভু ও শত্রুগণের জেতা, তুমিই সহস্রভূ, তুমিই পৃথিবী,
তুমিই সহস্র তুষ্টি, তুমিই সহস্রভুক্ ও সহস্রশীর্ষ, তুমি অনন্তরূপ, তুমি সহস্রপাৎ,
তুমিই গুরুশক্তিধারী।
হে
দেব! গঙ্গা, স্বহা, মহী ও কৃত্তিকাগণ তোমার মাতা, কুক্কুট তোমার ক্রীড়নক, তুমি ইচ্ছামত
বিবিধরূপ ধারণ করিতে সমর্থ। তুমি দক্ষ, তুমি সোম, সমীরণ, ধর্ম্ম. গিরিন্দ্র ও সহস্রলোচন,
তুমি সনাতনের সনাতন, প্রভুর প্রভু, তুমি সত্যের কর্ত্তা ও দানবগণের হর্ত্তা, তুমি রিপুগণের
জেতা ও সূরগণের শ্রেষ্ঠ, তুমি পরমসূক্ষ্ম তপঃস্বরূপ, তুমি পরাপরের অভিজ্ঞ এবং তুমি
স্বয়ংই সেই পরাপর। হে সূরবীর! তোমারই ধর্ম্ম, কাম, শক্তিসমুদয় জগৎ ব্যাপ্ত করিয়া আছে।
আমি তোমাকে স্তব করিতেছি। হে লোকনাথ! তোমাকে নমস্কার।
..............................................................................
শ্রীশুভ
চৌধুরী
নভেম্বর
১৭, ২০১৯ খ্রিষ্টাব্দ।