Thursday, 17 November 2022

শিবলিঙ্গ পরমতত্ত্বঃ-

 


শিব মহাপুরাণের জ্ঞানসংহিতার জ্যোতির্লিঙ্গ প্রাদুর্ভাববর্ণনং নামক দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আছে- ব্রহ্মাবিষ্ণু উভয়ের বিবাদ শান্তি ও জ্ঞানোদয়ের জন্য উভয়ের মধ্যস্থলে সহস্র সহস্র জ্বালামালাসঙ্কুল কানানল-সন্নিভ একটি অদ্ভূত জ্যোতির্ম্ময় লিঙ্গ উদ্ভূত হইল। এই লিঙ্গের স্বরূপ হইল-

ক্ষয়-বৃদ্ধিবিনির্ম্মুক্তমাদিমধ্যান্তবর্জ্জিতম্।

অনৌপম্যমনির্দ্দিষ্টমব্যক্তং বিশ্বসম্ভবম্।। ৬৪

তাঁহার ক্ষয় বৃদ্ধি নাই, আদি মধ্য অন্ত নাই; তিনি অতুলনীয় অনির্দ্দেশ্য অব্যক্ত এবং জগতের মূল কারণ।৬৪

এই জ্ঞানসংহিতার তৃতীয় অধ্যায়ে শিবলিঙ্গকে ধ্যানমার্গেরও অগোচর বলা হইয়াছে-

'অনির্দ্দেশ্যঞ্চ তদ্রূপনাম কর্ম্মবর্জ্জিতম্।

অলিঙ্গং লিঙ্গতাং যাতং ধ্যানমার্গেহপ্যগোচরম্।। ৬

'এ কি! অনির্দ্দেশ্য, নামকর্ম্ম-বিবর্জ্জিত, এরূপ বস্তুতঃ লিঙ্গ না হইলেও লিঙ্গরূপে পরিণত হইয়াছে। ইহা ধ্যানমার্গেরও অগোচর। ৬

এই তৃতীয় অধ্যায়ে আরও বর্ণিত আছে- তখন তথায় আনন্দময় ওঙ্কারাত্মক সুব্যক্ত ত্রিমাত্র শব্দ সম্ভূত হইল।

লিঙ্গস্য দক্ষিণভাগে তদাপশ্যৎ সনাতনম্।১০

আদ্যং বর্ণমকারন্তু উকারঞ্চোত্তরে ততঃ।

মকারং মধ্যতশ্চৈব নাদান্তং তস্য চোমিতি।। ১১

সূর্য্যমণ্ডলবদ্দৃষ্ট্বা বর্ণমাদ্যন্তু দক্ষিণে।

উত্তরে পাবকপ্রখ্যমুকারমৃষিসত্তম।। ১২

শীতাংশুমণ্ডলপ্রখ্যং মকারং তস্য-মধ্যতঃ।

তস্যোপরি তদাপশ্যং স্ফটিকপ্রভবং পরম্।। ১৩

তুরীয়াতীতমমৃতং নিষ্কলং নিরুপপ্লবম্।

নির্দ্বন্দ্বং কেবলং তত্ত্বং বাহ্যাভ্যন্তরবর্জ্জিতম্।।১৪

আদিমধ্যান্তরহিতমানন্দস্যাপি কারণম্।

সত্যমানন্দমমৃতং পরং ব্রহ্ম পরায়ণম্।।১৫

তখন লিঙ্গের দক্ষিণভাগে সনাতন আদ্যবর্ণ অকার আমাদিগের দৃষ্টিগোচর হইল। তাঁহার উত্তরে উকার এবং মধ্যে নাদধ্বনিসমন্বিত মকার-আমরা এইরূপে ওঙ্কার অবলোকন করিলাম। হে ঋষিবর! আমরা লিঙ্গের দক্ষিণভাগে সূর্য্যমণ্ডলপ্রখ্য আদিবর্ণ, উত্তরভাগে অনল-সন্নিভ উকার এবং মধ্যে চন্দ্রমণ্ডলসমুজ্জ্বল মকার অবলোকন করিয়া তদুপরিভাগে স্ফটিক-প্রকাশ তুরীয়াতীত অমৃত নিষ্কল নির্দ্বন্দ্ব একমেবাদ্বিতীয়ং পরমতত্ত্ব দর্শন করিলাম; তাহার আদি, মধ্য, অন্ত নাই; বাহ্য অভ্যন্তর নাই; তিনি আনন্দময় আনন্দকারণ সত্য অজর পরব্রহ্ম এবং পরমগতি।১০-১৫

No comments:

Post a Comment

ভাগবতে অদ্বৈতবেদান্তোক্ত দৃগ্-দৃশ্যবিবেক ও প্রতিবিম্ববাদ—

  সনৎকুমার মোক্ষের সাধন উপদেশ করতে গিয়ে বলছেন — দগ্ধাশয়ো মুক্তসমস্ততদ্গুণো নৈবাত্মনো বহিরন্তর্বিচষ্টে । পরাত্মনোর্যদ্ব্যবধানং...