কৃষ্ণযজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত তৈত্তিরীয়োপনিষদের শিক্ষাবল্লীর একাদশ অনুবাকে বর্ণিত আছে-
বেদমনূচ্যাচার্যো অন্তেবাসিনমনুশাস্তি। সত্যং বদ।ধর্মং চর।স্বাধ্যায়ান্মা প্রমদঃ।আচার্যায় প্রিয়ং ধনমাহৃত্য প্রজাতন্তুং মা ব্যবচ্ছেৎসীঃ।সত্যান্ন প্রমদিতব্যম্।ধর্মান্ন প্রমদিতব্যম্।কুশলান্ন প্রমদিতব্যম্। ভূত্যৈ ন প্রমদিতব্যম্।স্বাধ্যায়প্রবচনাভ্যাং ন প্রমদিতব্যম্।।১।।
-স্বাধ্যায়ের জন্য নির্বাচিত
অংশরূপ বেদপাঠ করাইয়া আচার্য্য শিষ্যকে অনুশাসন করিতেছেন-' সত্য বচন বলিও অর্থাৎ প্রমাণানুযায়ী
জ্ঞাত ও কথনযোগ্য বিষয় বলিও। ধর্ম্ম আচরণ করিও, আর ধর্ম্ম এই শব্দ অনুষ্ঠেয় সকল কর্ম্মেরই
সূচক। আর স্বাধ্যায়ে অর্থাৎ অধ্যয়নে অমনোযোগী হইও না। আচার্য্যের জন্য প্রীতিকর ধন
আনিয়া অর্থাৎ বিদ্যার দক্ষিণা ধন দিয়া, আচার্য্যের অনুমতি লইয়া যোগ্যপত্নী গ্রহণপূর্বক
অপত্যবংশের বিচ্ছেদ করিও না, অর্থাৎ পুত্র না জন্মিলেও পুত্রকাম্য পুত্রেষ্টি প্রভৃতি
যজ্ঞকর্ম্মের দ্বারা পুত্রোৎপত্তিতে যত্ন করণীয়। সত্য হইতে বিচ্যুত হইও না, অর্থাৎ
প্রমাদ শব্দের সঙ্গতার্থতাবশতঃ ভুলক্রমেও মিথ্যা বলিবে না। ধর্ম্মানুষ্ঠান করিতে হইবে,
ধর্ম্ম শব্দ অনুষ্ঠেয় পৃথক পৃথক কর্ম্ম বিষয়ক বলিয়া তাহাদের অনুষ্ঠান না করাই প্রমাদ,
সেই প্রমাদ করা উচিত নহে। এইরূপ স্বীয় কুশলে অর্থাৎ আত্মরক্ষা বিষয়ক কর্ম্মে অমনোযোগী
হইবে না। ভূতি অর্থ সমৃদ্ধি, সেই সমৃদ্ধির নিমিত্ত ভূতি বিষয়ক মঙ্গলযুক্ত কর্ম্মে অমনোযোগী
হইবে না। অধ্যয়ন ও অধ্যাপনা থেকে কখনো বিচ্যুত হইবে না, অর্থাৎ পঠনপাঠন উভয়ই নিয়মপূর্বক
করিবে।'১

No comments:
Post a Comment